গোপাল সিং, খোয়াই, ২০ মার্চ || প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই প্রবল বৃষ্টির মধ্যেও চোখে পড়ল উৎসাহ ও উদ্দীপনার জোয়ার। শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে টিটিএএডিসি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিন ১০ নং আশারামবাড়ি—হালাহালি কেন্দ্র থেকে করিম দেব্বর্মা, ১১ নং কুলাই—চাম্পাহাওর কেন্দ্র থেকে অতুল দেব্বর্মা এবং ১৩ নং রামচন্দ্রঘাট কেন্দ্র থেকে সমরেশ দেববর্মা মনোনয়ন জমা দেন। প্রতিটি কেন্দ্রেই প্রার্থীদের সমর্থনে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রবল বর্ষণ উপেক্ষা করে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে মনোনয়ন কেন্দ্র চত্বর। বামফ্রন্টের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের সমর্থন ও অংশগ্রহণই তাদের প্রধান শক্তি, এবং এই বিপুল উপস্থিতিই তার প্রমাণ।
আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ও প্রস্তুতির আবহ তৈরি হয়েছে।
