আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || এক মাসব্যাপী পবিত্র রমজান-এর সিয়াম সাধনার পর খুশির ঈদুল ফিতর উদযাপনে মেতে উঠলেন আগরতলার মুসলিম ধর্মালম্বী মানুষজন। শহরের ঐতিহ্যবাহী গেদু মিয়া মসজিদ প্রাঙ্গণে এদিন সকাল থেকেই ভিড় জমাতে থাকেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র এই উৎসবের আনুষ্ঠানিকতা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে “ঈদ মোবারক” শুভেচ্ছা বিনিময় করেন। ছোট-বড় সকলের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃশ্য। মুহূর্তেই মসজিদ প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বার্তা।
এদিন আব্দুল রহমানসহ বহু মুসল্লি ঈদের নামাজ আদায় করেন এবং দেশ ও রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মসজিদ চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন পোশাকে সেজে শিশু থেকে প্রবীণ—সকলেই ঈদের আনন্দে শামিল হন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে এদিনের এই মিলনমেলা।
