অঙ্গনওয়াড়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল আগরতলা, পাঁচ দফা দাবিতে সরব সংগঠন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || দীর্ঘদিনের বঞ্চনা ও একাধিক দাবি পূরণের দাবিতে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার ও হেল্পার সংগঠনের উদ্যোগে শনিবার আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন সংগঠনের অঙ্গনওয়াড়ী কর্মীরা রাস্তার পাশে সারিবদ্ধভাবে জড়ো হয়ে নিজেদের দাবির সমর্থনে জোরালো স্লোগান তোলেন।
কর্মসূচিতে উপস্থিত অঙ্গনওয়াড়ী কর্মী কল্পনা কলোই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের অঙ্গনওয়াড়ী (ওয়ার্কার ও হেল্পার) কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একাধিকবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাঁর।
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— অঙ্গনওয়াড়ী কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, মাসিক সম্মানী নির্দিষ্ট হারে বৃদ্ধি ও নিয়মিত প্রদান, কর্মীদের সামাজিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণ, অবসর গ্রহণের পর এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং বকেয়া সহ অন্যান্য প্রাপ্য সুবিধা দ্রুত কার্যকর করা।
কল্পনা কলোই আরও জানান, এই দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। সংগঠনের দাবি, সরকার যেন দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে অঙ্গনওয়াড়ী কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*