বলরাম দেবনাথ, সাব্রুম, ০৪ এপ্রিল || ত্রিপুরার দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুম—যাকে এখন দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবেও চিহ্নিত করা হচ্ছে—সেই শহরেই নারী শিক্ষার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী থাকছে পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আন্তর্জাতিক ফেনী নদীর তীরে অবস্থিত এবং দক্ষিণে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ঘেঁষা এই গুরুত্বপূর্ণ অঞ্চলে শিক্ষার প্রসারে নতুন দিগন্ত খুলছে এই উদ্যোগ।
অর্ধ শতাব্দীরও বেশি পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দক্ষিণ জেলার গর্ব হিসেবে পরিচিত। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৯ কোটি টাকার ব্যয়ে নতুন শ্রেণিকক্ষ এবং আধুনিক প্রশাসনিক ভবন নির্মাণের কাজ জোরকদমে এগিয়ে চলেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে ছাত্রীদের জন্য আরও উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি, সীমান্তবর্তী এই অঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটি।
