গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে খোয়াই জেলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বৃহস্পতিবার ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা উদীয়মান যুব নেতৃত্ব ডেভিড দেববর্মার সমর্থনে বাইজালবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জনজাতি অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল উন্মাদনা কার্যত এক জনসমুদ্রের রূপ নেয়।
জনসভার প্রধান বক্তা রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় তাঁর ভাষণে বর্তমান সরকারের জনমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, “আজকের এই জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি ও অকৃত্রিম উৎসাহ প্রমাণ করছে যে রামচন্দ্রঘাটের মানুষ বিভাজনের রাজনীতি ত্যাগ করে উন্নয়নের মূল স্রোতে শামিল হয়েছেন। ডেভিড দেববর্মার মতো একজন শিক্ষিত ও লড়াকু যুব নেতৃত্বকে প্রার্থী হিসেবে পেয়ে সাধারণ মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, তা আগামী নির্বাচনে পদ্ম শিবিরের জয় নিশ্চিত করে দিয়েছে।”
এদিনের এই গুরুত্বপূর্ণ নির্বাচনী সভায় মন্ত্রী টিংকু রায়ের পাশাপাশি মঞ্চে উপস্থিত থেকে প্রার্থীর সমর্থনে মঞ্চে উপস্থিত ছিলেন পিনাকী দাস চৌধুরী, বিধায়ক, কল্যাণপুর-প্রমোদনগর কেন্দ্র, বিনয় দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সভাপতি সহ মন্ডল নেতৃত্বরা। এছাড়াও জেলা ও মণ্ডলের অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং মহিলা মোর্চার কার্যকর্তারা এদিনের কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রামচন্দ্রঘাট কেন্দ্রে এবার এক ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে এবং বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মা রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন। এছাড়া বক্তারা সম্মিলিতভাবে আসন্ন নির্বাচনে বিরোধী শিবিরের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে গর্জে ওঠার এবং জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিনের জনসভাকে কেন্দ্র করে গোটা এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।
