কলাছড়ার জনসভা থেকে ‘লাল মথা’কে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্ত্রাসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৯ এপ্রিল || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কলাছড়ার নির্বাচনী জনসভা থেকে বিরোধী দল ‘লাল মথা’-কে কড়া সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার ২৭-পূর্ব মুহুরী-ভুরাতলী নির্বাচন কেন্দ্রের কলাছড়ায় আয়োজিত জনসভায় তিনি বলেন, ভোটের মুখে কেউ সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা জাতিগত আবেগকে উস্কে দিয়ে রাজনীতি করছেন এবং জনজাতি উন্নয়নের মূল বিষয় থেকে সরে যাচ্ছেন। তিনি দাবি করেন, আসন্ন এডিসি নির্বাচনে মথার বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছে এবং উপজাতি এলাকায় বিজেপির প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, গত পাঁচ বছরে এডিসি প্রশাসনে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার হয়েছে। নির্বাচনে বিপুল অর্থব্যয় ও হেলিকপ্টার ব্যবহারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই অর্থের উৎস কোথায়।
বিজেপির বিরুদ্ধে অপপ্রচারেরও তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। তাঁর কথায়, “এবার মথার বিসর্জনের সময় এসে গেছে। আগামী ১২ই এপ্রিল রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্তদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।”
বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী কেও আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মার গোপন সমঝোতার কথা সকলেরই জানা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে এই সমীকরণের ফলেই কিছু আসনে বিশেষ সুবিধা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিনের জনসভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফু মগ, জেলা বিজেপি নেতা দীপায়ন চৌধুরী, মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক এবং প্রার্থী অভিজিৎ ত্রিপুরা।
সভা শেষে ৫৩টি পরিবারের ১৮৩ জন মথা ও সিপিআই(এম) সমর্থক বিজেপিতে যোগদান করেন বলে জানানো হয়।
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এডিসি গঠন করে জনজাতি জনগণের উন্নয়নে কাজ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*