আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || উত্তর ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের শেষ পর্যায়ে গড়ে ৮০.০৪ শতাংশ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা সারাদিন জুড়ে ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ১৫.৬৩ শতাংশ ভোট পড়ে। এরপর সকাল ১১টার মধ্যে তা বেড়ে দাঁড়ায় ৩৩.৫০ শতাংশে। দুপুর ১টা নাগাদ ভোটের হার পৌঁছে যায় ৫২.৭৬ শতাংশে এবং বিকেল ৩টা পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭০.০৯ শতাংশে। দিন শেষে মোট ভোটের হার দাঁড়ায় ৮০.০৪ শতাংশ।
এই উপনির্বাচনে মোট ৪৬,১৪২ জন ভোটার ছয়জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে অংশগ্রহণ করেন। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
তবে ভোটগ্রহণ চলাকালীন একটি বিচ্ছিন্ন ঘটনা উত্তেজনা সৃষ্টি করে। চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয়ে অবস্থিত ৫৬/২৪ নম্বর ভোটকেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, সেখানে উপস্থিত কিছু ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং নির্বাচন কমিশনের নির্ধারিত ১০০ মিটার দূরত্বের নিয়ম অমান্য করে ভোটকেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সবমিলিয়ে, সামান্য উত্তেজনা সত্ত্বেও ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
