গোপাল সিং ও সাগর দেব, খোয়াই ও তেলিয়ামুড়া, ১২ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের দিন বেলা বাড়ার সাথে সাথেই খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর দাস মিডিয়াকে জানান, ১১-মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের ৫ নম্বর পোলিং স্টেশনের অন্তর্গত নন্দকুমার স্কুল সংলগ্ন এলাকায় আজ দুপুর ১২টা নাগাদ এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর তিপ্রামথা পার্টির নেতা ও সমর্থকদের দিকে।
বিজেপি প্রার্থী এজেন্টের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ অনুযায়ী, তুইছিং গ্রাম ভিসি’র রাম বাবু পাড়া ও নন্দকুমার এলাকার তিন বিজেপি কর্মী আজ অতর্কিতে আক্রান্ত হন। আহতরা হলেন— শঙ্কর দেববর্মা (পিতা- মৃত বিদ্যা মোহন দেববর্মা), জনসন দেববর্মা (পিতা- মৃত সুকুমার দেববর্মা) এবং ধীরেন্দ্র দেববর্মা (পিতা- অরুণ দেববর্মা)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা এতটাই নৃশংস ছিল যে ধীরেন্দ্র দেববর্মার মাথায় গুরুতর আঘাত করা হয়, যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। অন্যদিকে, শঙ্কর দেববর্মার হাত ও বুকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপির ক্যান্ডিডেট এজেন্ট উদার কান্তি মলসম চম্পাহাওড় থানায় লিখিত অভিযোগে তিপ্রামথা পার্টির স্থানীয় ৬ নেতার নাম উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন মনোজ দেববর্মা, হিরন্ময় দেববর্মা, স্যামুয়েল দেববর্মা, শ্রীরাম দেববর্মা, ভূমেনকান্ত দেববর্মা এবং সৌমেন দেববর্মা। অভিযোগে বলা হয়েছে, এরা সকলেই তিপ্রামথা পার্টির সক্রিয় নেতা ও সমর্থক।
ভোট চলাকালীন এমন রক্তক্ষয়ী সংঘর্ষে গোটা নন্দকুমার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় পরাজয় নিশ্চিত জেনে তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
চাম্পাহাওড় থানার পুলিশ এফআইআর গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিন এমন অপ্রীতিকর ঘটনা শান্তি ও গণতন্ত্রের পরিপন্থী বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
https://www.facebook.com/share/v/1MecagmfL7/
