তিপ্রা মথার অন্দরে সংঘাত কি তুঙ্গে: বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মন্ত্রী অনিমেষ

গোপাল সিং, খোয়াই, ১৩ এপ্রিল || স্বদলীয় বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা বনমন্ত্রী অনিমেষ দেববর্মার। কিন্তু টেলিফোনে প্রতিনিধির কাছে সব অভিযোগ খন্ডন রঞ্জিত দেববর্মার। তিনি বললেন, ‘আমি কারোর নাম করে কিছু বলিনি। আমি টাকলা মন্ত্রী বলে উল্লেখ করেছি। ত্রিপুরা রাজ্যে অনেক টাকলা মন্ত্রী রয়েছে। রাজনীতিতে এমন অনেক কিছুই হয়। আইনি লড়াই শুরু হলে আইনিভাবেই বিষয়টি দেখা হবে।’
টিটিএএডিসি নির্বাচনের রেশ কাটতে না কাটতেই তিপ্রামথা পার্টির অভ্যন্তরীণ কোন্দল এবার আদালত পর্যন্ত গড়াল। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CJM) আদালতে নিজেরই দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যের মন্ত্রী তথা তিপ্রামথা পার্টির বিধায়ক অনিমেষ দেববর্মা। মামলা নম্বর TRWT020114402026 এবং কেইস টাইপ CR (Complaint Register Case বা নালিশি মামলা)। একই দলের দুই প্রথম সারির নেতার এই আইনি লড়াই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, এডিসি নির্বাচনের প্রচার চলাকালীন রঞ্জিত দেববর্মা জনসমক্ষে মন্ত্রী অনিমেষ দেববর্মার বিরুদ্ধে গুরুতর আর্থিক তছরুপ ও চারিত্রিক কলঙ্কের অভিযোগ এনেছিলেন। রঞ্জিত দেববর্মা দাবি করেছিলেন: মন্ত্রী অনিমেষ দেববর্মা সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে দিল্লিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এছাড়াও, বন দপ্তরের একটি সরকারি গেস্ট হাউসে মন্ত্রীর আচরণ নিয়ে অত্যন্ত স্পর্শকাতর ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন তিনি।
এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানিয়েছেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এই ধরণের কুরুচিকর মন্তব্য করা হয়েছে। মন্ত্রীর পক্ষে আইনজীবী কৌশিক রায় এই মামলাটি দাখিল করেছেন এবং প্রবীণ আইনজীবী শঙ্কর লোধ আদালতে তাঁর প্রতিনিধিত্ব করবেন।
জানা যায়, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২১০ নম্বর ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৩০ এপ্রিল, ২০২৬।
যদিও বিধায়ক রঞ্জিত দেববর্মার মতে তিনি নির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করে কিছুই বলেন নি। আইনি লড়াই শুরু হবে এবং আইনিভাবেই বিষয়টি দেখা হবে।
টিটিএএডিসি নির্বাচনের আবহে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা যখন দলের একতা বজায় রাখার ডাক দিচ্ছিলেন, ঠিক তখনই দুই হেভিওয়েট নেতার এই সংঘাত তিপ্রামথা শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*