নির্বাচনের সুযোগে সীমান্তে বাড়ছে গরু পাচার: বিএসএফ-এর অভিযানে ১০টি গরু উদ্ধার, বাকিগুলো নিয়ে চম্পট পাচারকারীরা

গোপাল সিং, খোয়াই, ১৩ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ডামাডোলের সুযোগ নিয়ে খোয়াই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে গরু পাচার। গৌরনগর, বেলছড়া, পাহড়মুড়া ও সিঙ্গিছড়া সহ একাধিক সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। গত ১১ই এপ্রিল, শনিবার রাতেও এমনই এক বড়সড় পাচারের চেষ্টা রুখে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা জানতে পারেন যে, খোয়াই সীমান্ত দিয়ে ২০ থেকে ৩০টি গরু বাংলাদেশে পাচারের তোড়জোড় চলছে। খবর পেয়ে জওয়ানরা দ্রুত ওই এলাকায় অভিযানে নামেন। পাচারকারীরা বিএসএফ-এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। জওয়ানরা ধাওয়া করে ১০টি গরু উদ্ধার করতে সক্ষম হলেও, পাচারকারীদের দলটি বাকি গরুগুলো নিয়ে কাঁটাতার পেরিয়ে বা অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে গোটা রাজ্যের প্রশাসনিক নজরদারি এবং পুলিশ বাহিনীর বড় অংশ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে গরু পাচারকারী চক্রগুলো। খোয়াইয়ের পাহড়মুড়া ও সিঙ্গিছড়া এলাকার সীমান্তগুলো এখন পাচারকারীদের কাছে নিরাপদ করিডোর হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের পর পাচার রোধে কঠোর পদক্ষেপ না নিলে সীমান্ত এলাকায় চুরি ও অপরাধমূলক ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। উদ্ধার করা ১০টি গরু বর্তমানে বিএসএফ-এর হেফাজতে রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*