আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকায় সোমবার ভোরে এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রুপা দাস এবং ছেলে দিগন্ত দাসকে হত্যা করার পর নিজেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, গত কয়েকদিন ধরে অজিত দাস মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি নিজেও বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল একটি পরিবার। উদয়পুর জুড়ে এখন শোক, আতঙ্ক এবং অবিশ্বাসের ছায়া নেমে এসেছে।
