বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল || শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে এডিসি নির্বাচনের ভোটগণনা। গণদেবতার রায় কোন পক্ষের দিকে যাবে, তা নিয়ে এখনই জোর জল্পনা ত্রিপুরা জুড়ে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দক্ষিণ জেলা প্রশাসন ইতিমধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ভোটগণনাকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার মাঠে নামেন দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি, আইএএস। তিনি জেলার সাব্রুম ও শান্তির বাজারের কাউন্টিং হল পরিদর্শন করেন। নিরাপত্তা ব্যবস্থা, গণনার টেবিল বিন্যাস, কর্মীদের দায়িত্ব বণ্টনসহ প্রতিটি খুঁটিনাটি বিষয় তিনি সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, ভোটগণনার জন্য সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই ভোটগণনা চলবে এবং প্রতিটি ধাপে থাকবে কড়া নজরদারি। ফলে শান্তিপূর্ণ পরিবেশে গণনার কাজ সম্পন্ন হবে বলেই আশাবাদী জেলা প্রশাসন।
এদিকে, গণনার ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল—সবাই।
