আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বুধবার থেকে শুরু হলো মন্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী, বিধায়ক এবং বিভিন্ন জেলার সভাধিপতিরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, সংগঠনের মন্ডল স্তর পর্যন্ত শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে শীঘ্রই শুরু হতে চলেছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬’। তিনি বলেন, এই উদ্যোগ সংগঠনের ভিত আরও মজবুত করবে এবং তৃণমূল স্তরে কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।
এই গুরুত্বপূর্ণ অভিযানের সূচনালগ্নে প্রদেশ কার্যালয়ে আয়োজিত বিশেষ কর্মশালায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট পদাধিকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। কর্মশালায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে সংগঠনের প্রতিটি স্তরে দক্ষ, সুশৃঙ্খল ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। এই মহাঅভিযানের মাধ্যমে দলীয় কার্যক্রমে আরও গতি আসবে এবং সংগঠন তৃণমূল স্তরে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
