ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, গোয়ালাবস্তিতে মারপিটে আটক দুই যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে || গাড়ি ব্যাক গিয়ার দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজধানীর গোয়ালাবস্তি এলাকা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সামান্য বিষয়কে কেন্দ্র করে এক যুবকের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। এমনকি এক কলেজ ছাত্রীর সামনেই তার ভাইকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোয়ালাবস্তি এলাকায় একটি গাড়ি ব্যাক করার সময় পথচলতি একজন যুবকের সঙ্গে বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা মারপিটের রূপ নেয়। অভিযোগ, কয়েকজন যুবক মিলে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত তার বোন, যিনি একজন কলেজ ছাত্রী, ভাইকে বাঁচাতে গেলে তাকেও হেনস্তার মুখে পড়তে হয় বলে দাবি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা এনসিসি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে গোয়ালাবস্তি এলাকার দুই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*