আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০৭ এপ্রিল || পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সাংবাদিক সুকান্ত দাসের বিরুদ্ধে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করল ৪০-সাব্রুম মন্ডল। বুধবার মন্ডলের পক্ষ থেকে থানায় এই অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগে দাবি করা হয়েছে, সামাজিক মাধ্যমে ও জনসমক্ষে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন সুকান্ত দাস, যা রাজনৈতিক শালীনতা ও সামাজিক পরিবেশ নষ্ট করার সামিল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মন্ডল নেতৃত্ব।
এদিন অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন মন্ডলের একাধিক পদাধিকারী ও কার্যকর্তারা। তাদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিক সুকান্ত দাসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
