আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে চতুর্থ বিদ্রোহী মোহন্ত মহারাজ শ্রীমং ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আগামী ১০ই মে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে মন্দির কর্তৃপক্ষ জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই প্রতি বছরের ন্যায় এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মানবতার সেবায় এগিয়ে আসতে যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকদের বক্তব্য, রক্তদান একটি মহৎ উদ্যোগ এবং এর মাধ্যমে বহু অসহায় রোগীর জীবন রক্ষা সম্ভব। তাই তিরোধান দিবসকে স্মরণীয় করে তুলতে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবকল্যাণমূলক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে মন্দির কমিটির সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১০ই মে অনুষ্ঠিতব্য রক্তদান শিবির সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।
