পারিবারিক কলহের জেরে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বৃদ্ধা, চাঞ্চল্য তেলিয়ামুড়ায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মে || পারিবারিক অশান্তির জেরে শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন প্রায় ৫০ বছর বয়সী এক বৃদ্ধা। মৃতার নাম শিলা সাহা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ নিজ বাড়ির বারান্দায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হন তিনি। তবে স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা।
মৃতার স্বামী লক্ষণ সাহা জানান, এর আগেও পারিবারিক কলহের জেরে একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিলা সাহা। সেই সময় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল।
তিনি আরও জানান, পুত্রবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। বিষয়টি পূর্বে থানাতেও গড়িয়েছিল। পরিস্থিতির জেরে ছেলে প্রণব সাহা ও পুত্রবধূ বর্তমানে শান্তিনগরের নিজ বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়াবাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে।
শনিবার সকালের এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*