আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র্যালি, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ত্রিপুরা সরকার এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI), আগরতলার যৌথ উদ্যোগে আয়োজিত “Sundays on Cycle – World Bicycle Day Special” কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
কর্মসূচির সূচনায় SAI STC, আগরতলায় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী (আইএএস), অধিকর্তা এল. ডারলং এবং SAI আগরতলার ইন-চার্জ অরিন্দম গগৈ। এছাড়াও বিভিন্ন সরকারি ও আধাসামরিক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাইক্লিং আন্দোলন এবং সমাজে সাইকেলের ব্যবহার জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট সাইক্লিস্ট—চন্দন ভৌমিক, অজয় কুমার সাহা এবং ননীগোপাল সাহাকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। পরে আগরতলা সাইক্লোহলিকস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ‘বাইসাইকেল মেয়র’ গোপেশ দেবনাথ তাঁদের হাতে বিশেষভাবে প্রস্তুত কাস্টমাইজড সাইক্লিং জার্সি তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপেশ দেবনাথ রাজ্যে আরও সাইকেল-বান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাইকেল স্ট্যান্ড স্থাপন এবং “Cycle to Work” সংস্কৃতি চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, সাইকেলের ব্যবহার বৃদ্ধি পেলে স্বাস্থ্য সুরক্ষা, যানজট হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। উপস্থিত বিশিষ্টজনরা তাঁর এই প্রস্তাবের প্রশংসা করেন।
পরবর্তীতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের টিএসএসবি (স্পোর্টস কম্পিটিশন) ও খেলো ইন্ডিয়া শাখার ব্রাঞ্চ অফিসার পাইমং মগ র্যালির সূচনা করেন। তিনি নিজেও সাইক্লিস্টদের সঙ্গে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে SAI সেন্টার পর্যন্ত সাইকেল চালিয়ে অংশ নেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
ফিটনেস, পরিবেশ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা এবং টেকসই যাতায়াত ব্যবস্থার বার্তা নিয়ে প্রায় ২০০ জন সাইক্লিস্ট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করেন। র্যালি শেষে SAI সেন্টারে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সাইক্লিস্ট, অতিথি ও কর্মকর্তারা একযোগে বৃক্ষরোপণে অংশ নেন।
আয়োজকদের মতে, এই কর্মসূচি কেবল বিশ্ব সাইকেল দিবস উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সুস্থ, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সাইক্লিস্ট ও সহযোগী সংগঠনগুলিকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
