নিজ বাড়িতে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু: তেলিয়ামুড়ায় শোকের ছায়া

গোপল সিং, খোয়াই, ১৬ জুন || নিজ গৃহের বাথরুমে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূর নাম সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী (৩১)। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা গামাইবাড়ি এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নাগাদ ৩১ বছর বয়সি ওই গৃহবধূ নিজের বাড়িতে স্নান করতে যান। স্নান করার সময় বাথরুমের ভেতরে কোনোভাবে আচমকাই তিনি একটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন এবং গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে বাথরুম থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
গুরুতর জখম অবস্থায় সরস্বতী চৌধুরীকে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের এক চিলতে অসাবধানতা নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভরা সংসারে মাত্র ৩১ বছর বয়সে মন্টি চৌধুরীর এমন অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর স্বজনেরা। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বর ও নিহতের পরিবারে এখন কান্নার রোল। ঘটনা প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবহিত করা হয়েছে এবং পুলিশ এই মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*