আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান এবং একটি ক্লাবঘর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় আদালত চত্বরের একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও ক্লাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বহু দোকানের মালপত্র এবং ক্লাবের বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন তারা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
এদিকে, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন ও দমকল বিভাগ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ঘটনাকে ঘিরে আদালত চত্বর ও সংলগ্ন এলাকায় এখনও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
