আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || কামিনী কুমার বিদ্যালয়ের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের সাফল্যকে সম্মান জানিয়ে তাদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার প্রশংসা করে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সফল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
