আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || রাজ্যের নবম শ্রেণির ছাত্রীদের শিক্ষার প্রসার, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং তাঁদের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিনামূল্যে বাইসাইকেল বিতরণ কর্মসূচি শুরু করেছে। সোমবার আগরতলার শিশু বিহার স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অগ্রযাত্রায় নারীশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রায় অর্ধেকই নারী এবং তাঁদের শিক্ষার আলোয় আলোকিত করে স্বনির্ভর, আত্মবিশ্বাসী ও প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্বে এই প্রকল্পে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমার শর্ত থাকলেও তা প্রত্যাহার করে এখন সকল যোগ্য ছাত্রীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরে রাজ্যের মোট ৪১ হাজার ৮০০ জন নবম শ্রেণির ছাত্রীকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হচ্ছে। তাঁর বিশ্বাস, এই উদ্যোগ ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার প্রতি তাঁদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং জীবনের লক্ষ্য অর্জনের পথে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জোগাবে।
