আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে মঙ্গলবার ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ব্লক থেকে আগত তপশিলি জাতি সাব-কমিটির চেয়ারম্যানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি নায়ার এবং তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে তপশিলি জাতিভুক্ত (এসসি) সম্প্রদায়ের মানুষের কল্যাণে আরও কী ধরনের সহায়তা প্রদান করা যেতে পারে, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং ভাতার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, সম্প্রদায়ের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়।
এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নয়নকে আরও গতিশীল করতে এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। তিনি জানান, সুবিধাভোগীদের কাছে সরকারি পরিষেবা দ্রুত ও সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া এবং আগামী দিনের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরামর্শ উঠে এসেছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে তপশিলি জাতি সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সরকারি পরিষেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
