আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমেন দেব। সোমবার সন্ধ্যা রাতে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী মানুষসহ অসংখ্য অনুরাগী।
দীর্ঘদিন ধরে সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে রাজ্যের সাংস্কৃতিক জগতে এক স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন সৌমেন দেব। তাঁর কণ্ঠ, সঙ্গীতচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বহু মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। তাঁর আকস্মিক প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
সোমবার রাতে তাঁর মরদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় আগরতলার রবীন্দ্র ভবনের সামনে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে প্রয়াত শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আবেগঘন পরিবেশে অনেকেই তাঁকে স্মরণ করে বলেন, সৌমেন দেব শুধু একজন শিল্পীই নন, তিনি ছিলেন রাজ্যের সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল মুখ।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাজ্যের সাংস্কৃতিক মহলে। তাঁর রেখে যাওয়া সৃষ্টিকর্ম ও অবদান আগামী দিনেও সংস্কৃতিপ্রেমীদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।
