আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন || যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক CRPF অফিসারের আচরণ ও মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।
যুব কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল। ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে শান্তিপূর্ণভাবে আন্দোলন ও প্রতিবাদ জানানোর অধিকার দিয়েছে। কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিছিলে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ তাদের।
এদিন মিছিলে উপস্থিত কর্মীদের দাবি, CRPF-এর এক অফিসার, যার নাম রাম কুমার বলে জানা গেছে, আচমকাই উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের ক্যামেরার সামনেই কংগ্রেস কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন। অভিযোগ, তখনও মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এমনকি উপস্থিত এক পুলিশ কর্মীকেও ওই অফিসারকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজ্যের সচেতন মহলেও প্রশ্ন উঠেছে—“যিনি দেশমাতৃকার সেবায় নিয়োজিত, তিনি কীভাবে একজন মাকে নিয়ে এমন ভাষা উচ্চারণ করতে পারেন?”
ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যুব কংগ্রেস। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।
https://www.facebook.com/share/r/1Bgwm7TzZS/
