আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রাজধানী আগরতলার রামনগর ৪ নম্বর রোড এলাকার একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার ঘটে যাওয়া আকস্মিক ও তীব্র বিস্ফোরণের ঘটনায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ও মেয়র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন তাঁরা।
এ সময় মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রামনগর ৪ নম্বর রোড এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে আকস্মিক ও তীব্র বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দু’জন আহত হন। শুক্রবার সকালে আগত দগ্ধ যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলির তদন্ত অব্যাহত রয়েছে।
