আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রাজধানী আগরতলার রামনগর রোড নং–৪ এলাকার একটি অ্যাপার্টমেন্টে ২৫শে জুন, বৃহস্পতিবার ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় অবশেষে তদন্তে নেমেছে রাজ্য সরকার। শুক্রবার (২৬শে জুন) নগর উন্নয়ন দপ্তরের জারি করা এক সরকারি আদেশে বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে নগর উন্নয়ন দপ্তরের সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের পরিচালক, আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার এবং পূর্ত দপ্তরের (বিল্ডিং) প্রধান প্রকৌশলী।
উল্লেখ্য, গত ২৫শে জুন দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ রামনগর রোড নং–৪-এর একটি ফ্ল্যাটে আকস্মিক ও তীব্র বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের একাধিক ফ্ল্যাটও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় গুরুতর দগ্ধ এক যুবক চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। এরপর থেকেই বিস্ফোরণের কারণ নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়।
সরকারের এই তদন্ত কমিটি বিস্ফোরণের প্রকৃত কারণ, সম্ভাব্য গাফিলতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিপোর্ট দেবে।
এখন নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। রামনগরের এই রহস্যময় বিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ ছিল—দুর্ঘটনা, নাকি অন্য কোনো রহস্য—তার উত্তর মিলতে পারে আগামী সাত দিনের মধ্যেই।
