সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০৪ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার ল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা এবং বিশেষ আকর্ষণ হিসেবে “যামিনি স্মৃতি বৃত্তি” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা অধিকর্তা দিলীপ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাতচাঁদ ব্লকের নবনিযুক্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জক দেবনাথ, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক “যামিনি স্মৃতি বৃত্তি”, যা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এদিন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল গেমের প্রতি অতিরিক্ত আসক্তি এবং এর নেতিবাচক প্রভাব তুলে ধরে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে। নাটকটির মাধ্যমে দেখানো হয়, কীভাবে মোবাইল গেমের নেশা থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়, বাস্তবধর্মী উপস্থাপনা এবং সামাজিক বার্তায় সমৃদ্ধ নাটকটি উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের বক্তারাও শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের পরিবেশনার গুরুত্ব তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*