বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় এক সফল অভিযানে ২১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সাব্রুম মহকুমার থাইবুং গ্রাম পঞ্চায়েতের সিংবিল এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানের টের পেয়ে বাড়ির মালিক বর্তমানে পলাতক।
সকাল ঠিক সাড়ে সাতটা সাব্রুমের এসডিপিও (SDPO) দীপ্তনু বিশ্বাস থাইবুং গ্রাম পঞ্চায়েতের সিংবিল এলাকার বাসিন্দা বাবুল ত্রিপুরার বাড়ি গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত বাবুল ত্রিপুরার বাড়িটি চারদিক থেকে কর্ডন (ঘেরাও) করে।
অভিযান চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুল ত্রিপুরার ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মোট ২১ কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সাব্রুম থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।আজ দুপুর ১টা নাগাদ এক সাংবাদিক সম্মেলনে সাব্রুমের এসডিপিও দীপ্তনু বিশ্বাস জানান, “গোপন সংবাদ পেয়ে আমরা সিংবিল এলাকায় অভিযান চালাই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মুখে নিয়ম মেনে বাড়ি তল্লাশি করে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”পলাতক অভিযুক্ত বাবুল ত্রিপুরার খোঁজে পুলিশ তল্লাশি জারি রেখেছে। এলাকায় মাদক বিরোধী এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
