নিউজ প্রকাশের পর সাড়া, অসুস্থ আদি বিজেপি নেতার পাশে আবারও দল—১ লক্ষ টাকার আর্থিক সহায়তা

গোপল সিং, খোয়াই, ১৭ জুলাই || গত ৭ই জুলাই আমরাই প্রথম নিউজে তুলে ধরি অর্থের অভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন খোয়াইয়ের প্রবীণ তথা আদি বিজেপি নেতা প্রমোদ রঞ্জন দাসের মেয়ে ত্রৈনেত্রী’র সামাজিক মাধ্যমে আকুল আবেদনের কথা। নিউজের জেরে ২৪ ঘন্টা পার না হতেই অর্থাৎ ৮ই জুলাই প্রদেশ বিজেপি নেতৃত্ব সহ খোয়াই জেলা ও মন্ডল নেতৃত্ব ছুটে যান জিবি হাসপাতালে। আজ ১৭ই জুলাই, কল্যানপুরের জনপ্রিয় বিধায়ক এবং খোয়াই জেলা সভাপতির যৌথ উদ্যোগে ৫০ হাজার করে দু’জনে মোট ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন প্রবীণ নেতার পরিবারের হাতে।
উল্লেখ্য, “দল যখন শূন্যে ছিল তখন ছিলেন বাবা, আজ দল ক্ষমতায় অথচ বাবা আজ ব্রাত্য!”—এই শিরোনামে খোয়াইয়ের এই প্রবীণ নেতার কন্যা ত্রৈনেত্রী দাস (মিঠু)-র সামাজিক মাধ্যমে করা এক আকুল আর্তনাদ ও ক্ষোভের খবর আমরাই প্রথম জনগণের সামনে তুলে ধরেছিলাম। অর্থের অভাবে প্রবীণ নেতার পরিবারটি যেভাবে ধুঁকছিল, সেই সংবাদ পরিবেশন করার পরেই নড়েচড়ে বসে প্রদেশ বিজেপি নেতৃত্ব। নিউজের পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি প্রদেশ বিজেপি নেতৃত্ব সহ খোয়াইয়ের শীর্ষ নেতৃত্বরা জিবি হাসপাতালে ছুটে যান।
সংবাদের জেরে আজ বড়সড় আর্থিক সাহায্য পৌঁছে গেল হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ নেতার পরিবারের কাছে। কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী আজ নিজ বাসভবনেই প্রবীণ নেতার কন্যা ত্রৈনেত্রী’র হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। একই সাথে, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাসও প্রমোদানন্দের চিকিৎসার জন্য আরও ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। কল্যাণপুরের বিধায়ক ও জেলা সভাপতির দেওয়া এই ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকার চেক হাতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন মেয়ে ত্রৈনেত্রী।
আজ ১ লক্ষ টাকার বড় আর্থিক অনুদান পৌঁছালেও, প্রাথমিকভাবে যখন প্রমোদ রঞ্জন দাসের শারীরিক অসুস্থতা প্রথম দেখা দিয়েছিল, তখনই তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস। তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা দিয়ে পরিবারটিকে প্রথম আর্থিক সহায়তা করেছিলেন।
কঠিন সময়ে দল ও দলের বিধায়ক-নেতৃত্বরা এভাবে বাবার চিকিৎসার পাশে এসে দাঁড়ানোয় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রবীণ নেতার পরিবার। এই সংকটের দিনে পাশে থাকার জন্য এবং তাদের কণ্ঠস্বরকে উঁচুতে তুলে ধরার জন্য সামাজিক মাধ্যমে এসে সংবাদমাধ্যম এবং বিশেষ করে এই সংবাদের প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মেয়ে ত্রৈনেত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*