জিতেন চৌধুরীর মন্তব্যের তীব্র সমালোচনা শঙ্কর রায়ের, তুললেন ১৯৯৩-৯৮ সালের রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ জুলাই || দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ছোত্তাখোলায় সম্প্রতি অনুষ্ঠিত এক কর্মসূচিতে বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারকে (এসপি) “ইডিয়ট” বলে সম্বোধন করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইপিএস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে ওই শব্দ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এবার এই ঘটনায় জিতেন চৌধুরীর বিরুদ্ধে সরব হলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। শনিবার এক সাক্ষাৎকারে তিনি জিতেন চৌধুরীর মন্তব্যের কড়া সমালোচনা করেন এবং বলেন, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমান বিরোধী দলনেতার মুখে সমালোচনা শোভা পায় না।
শঙ্কর রায় ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের বামফ্রন্ট শাসনামলের প্রসঙ্গ তুলে দাবি করেন, ওই সময়ে শুধু সাব্রুম এলাকাতেই ১৪টি রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তাঁর অভিযোগ, ওই হত্যাকাণ্ডগুলির কোনো সঠিক বিচার হয়নি এবং তৎকালীন পুলিশ প্রশাসনের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, “অতীতের হিংসাত্মক কর্মকাণ্ড ও খুনের রাজনীতির মাধ্যমে বামফ্রন্ট সাব্রুমের মাটিকে কলঙ্কিত করেছে। সেই ইতিহাস ভুলে গিয়ে আজ আইন-শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলা জনগণ মেনে নেবে না।”
তবে শঙ্কর রায়ের এই অভিযোগের বিষয়ে সিপিআই(এম)-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*