পুলিশের গাড়ি থেকে জব্দ মদ ছিনতাইয়ের চেষ্টা, এক মহিলা আটক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে গিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি এবং জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক মহিলাকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মনপাথর বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একদল ব্যক্তি পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের গাড়িতে রাখা জব্দ মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এই ঘটনায় শান্তিরবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে এক মহিলাকে শনাক্ত করে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*