আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || আধুনিক পরিকাঠামো, উন্নত সড়ক ও নিকাশি ব্যবস্থা এবং আরও প্রাণবন্ত জনপরিসর গড়ে তোলার লক্ষ্যে রাজধানী আগরতলাকে আরও পরিচ্ছন্ন ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার আগরতলার বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা ও সংলগ্ন এলাকায় চলমান স্মার্ট সিটি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন এবং সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি বিশেষভাবে নির্দেশ দেন, আসন্ন দুর্গোৎসবের আগেই যেন সমস্ত কাজ শেষ করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “আগরতলাকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। নাগরিকদের উন্নত পরিষেবা নিশ্চিত করতে স্মার্ট সিটি প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্পন্নভাবে সম্পন্ন করা হবে।”
আগরতলা শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখার এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, রাজ্য সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের সচিব ড. মিলিন্দ রামটেকে, সচিব কিরণ গিত্যে সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
মেয়র দীপক মজুমদার জানান, পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছেন।
