আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || দীর্ঘ ১২ মাসের কঠোর প্রশিক্ষণ শেষে ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত ৪৬৯ জন কনস্টেবল (৯২তম ব্যাচ) এবং ১৫ নম্বর ব্যাটালিয়নের একজন রাইফেলম্যান আজ আনুষ্ঠানিকভাবে পেশাদার, দায়িত্ববান ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শনিবার আর.কে. নগরে আয়োজিত তাঁদের পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজে সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব।” তিনি নবনিযুক্ত পুলিশ সদস্যদের চাকরি জীবনের নতুন অধ্যায়ে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ডাঃ সাহা আরও বলেন, “ত্রিপুরা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এই নবীন সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আমি আশাবাদী।” তিনি জানান, রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।
পাসিং আউট প্যারেডে নবনিযুক্ত পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও প্রশিক্ষণ দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
