দলীয় পতাকায় মুড়ে অন্তিম বিদায় খোয়াইয়ের আদি বিজেপি নেতা প্রয়াত প্রমোদ রঞ্জন দাসকে, জেলা কার্যালয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

গোপল সিং, খোয়াই, ১৯ জুলাই || শেষ যাত্রায় খোয়াইয়ের আদি ও প্রবীণ বিজেপি নেতা প্রয়াত প্রমোদ রঞ্জন দাস। তিনি খোয়াই জেলায় বিজেপি দলের প্রতিষ্ঠায় তৎকালীন সময়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ২০১৩ সালে বিজেপি দলের প্রার্থী হিসাবে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে বেলা পৌঁনে দু’টো নাগাদ তাঁর প্রয়াণের পর, মরদেহ নিয়ে আসা হয় বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে। সেখানে এক আবেগঘন পরিবেশে প্রয়াত প্রবীণ নেতার নশ্বর দেহে দলীয় পতাকা অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এদিন খোয়াই জেলা কার্যালয়ে প্রমোদ রঞ্জন দাসকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন দলের শীর্ষ ও স্থানীয় নেতৃত্বরা। প্রবীণ নেতার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন, সমীর দাস, বিজেপি খোয়াই জেলা সভাপতি, অপর্ণা সিংহরায়, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি, দেবাশীষ নাথশর্ম্মা, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান, অনুকূল দাস, খোয়াই মণ্ডলের সভাপতি, বিনয় দেববর্মা, প্রাক্তন খোয়াই জেলা সভাপতি, অভিজিৎ দত্ত ভৌমিক, জেলা কমিটির সদস্য, অনিমেষ নাগ ও শঙ্কু পাল, মণ্ডল নেতৃত্ব।
এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য স্তরের প্রমুখ কার্যকর্তা এবং প্রবীণ নেতার বহু অনুগামী। দলের হাত শক্ত করে ধরে রাখা এই প্রবীণ নেতার অন্তিম যাত্রায় উপস্থিত সকলেই গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর প্রয়াণে খোয়াইয়ের রাজনৈতিক মহলে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন স্থানীয় নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*