বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে সব্জী ব্যবসায়ীদের জন্য নির্মিতব্য দ্বীতল মার্কেট ভবনের শিলান্যাস করা হয়েছে। সোমবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে এই উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা হয়।
কৃষি দপ্তরের অধীনে প্রায় ১৭৯.৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই দ্বীতল ভবনে সব্জী ব্যবসায়ীদের জন্য আধুনিক মার্কেট স্টল নির্মাণ করা হবে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিএসসি-র চেয়ারম্যান অশোক মগ, পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত, জোলাইবাড়ী কৃষি দপ্তরের আধিকারিক শ্রীদাম দাস, কৃষি দপ্তরের দক্ষিণ জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধনঞ্জয় জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বিগত বাম আমলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র উন্নয়নের দিক থেকে অনেকাংশে পিছিয়ে ছিল। কিন্তু বিজেপি-আইপিএফটি সরকার গঠনের পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও জানান, কোয়াইফাং বাজার, কলসী বাজার, সাঁচীরামবাড়ী বাজার, বাইখোড়া বাজার ও রামরাইবাড়ী বাজারের ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং আরও কয়েকটি প্রকল্প শীঘ্রই বাস্তবায়নের পথে রয়েছে।
মন্ত্রী জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বাইখোড়া বাজারে এই উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা গেছে।
