ডিজিপি’র প্রয়াণে রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মর্মান্তিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ত্রিপুরাজুড়ে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি ভবনে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেসব ভবনে আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, এদিন কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না।

সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ পুলিশ সদর দপ্তরে নিজের অফিস কক্ষ থেকে অনুরাগ ধ্যানকরের দেহ উদ্ধার করা হয়। তাঁকে জরুরি ভিত্তিতে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত সিপিআর প্রদান শুরু করেন।
জিবি হাসপাতালের চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক জানান, অনুরাগ ধ্যানকরকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাঁর কোনও শ্বাস-প্রশ্বাস ছিল না। বিশেষজ্ঞ চিকিৎসকরা টানা ৪৮ মিনিট ধরে সিপিআর দিলেও তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ময়নাতদন্ত শেষে জাতীয় পতাকায় মোড়ানো অনুরাগ ধ্যানকরের মরদেহ জিবি হাসপাতাল থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়াও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকসহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।
ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

জানা গেছে, ডিজিপির অফিস কক্ষের সঙ্গে সংযুক্ত শৌচাগারে একটি কাপড় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর রাজ্যের ফরেন্সিক অধিকর্তা সংবাদমাধ্যমকে জানান, এমন একটি ঘটনা সমাজে অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করতে পারে।
তবে ডিজিপির অফিস কক্ষে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনও কেউ স্পষ্টভাবে মুখ খুলতে নারাজ। তদন্তকারীরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় জানান, ত্রিপুরার পুলিশ মহাপরিচালক, আইপিএস অনুরাগ ধ্যানকরের মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
তিনি আরও জানান, সরকারি কক্ষের শৌচাগারে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পুলিশ সদর দপ্তরে পৌঁছান। পরে তাঁকে দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজ্যের অতিরিক্ত সচিব জানিয়েছেন, ডিজিপির প্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি অনুষ্ঠান বন্ধ থাকবে।

মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জানান, মঙ্গলবার গার্ড অফ অনার প্রদান শেষে অনুরাগ ধ্যানকরের মরদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হবে।
রাজ্য পুলিশের প্রধানের এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু ঘিরে প্রশাসনিক মহল সহ সাধারণ মানুষের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*