প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরকে মহাকরণ ও পুলিশ সদর দপ্তরে শেষ শ্রদ্ধা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || প্রয়াত ত্রিপুরা রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের প্রতি মঙ্গলবার মহাকরণ ও রাজ্য পুলিশের সদর দপ্তরে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর কফিনবন্দি মৃতদেহ মহাকরণে নিয়ে আসা হলে সেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী-বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
মহাকরণে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। সকলেই একে একে প্রয়াত ডিজিপির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, সোমবার একটি বৈঠকে থাকা অবস্থায় তিনি খবর পান যে ডিজিপি অনুরাগ ধ্যানকর নিজের অফিস কক্ষের সঙ্গে সংযুক্ত শৌচালয়ে আত্মঘাতী হয়েছেন। তিনি অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান। ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছানোর পর অনুরাগকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, অনুরাগ ধ্যানকর অত্যন্ত দক্ষ, সজ্জন ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ডিজিপি হিসেবে তাঁর উপস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি নিজেও আশ্বস্ত ছিলেন। কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা কারও বোধগম্য নয় বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি প্রয়াত অনুরাগের আত্মার সদগতি কামনা করেন এবং তাঁর মৃত্যুতে রাজ্যের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয় বলে মন্তব্য করেন।
এরপর অনুরাগ ধ্যানকরের মৃতদেহ রাজ্য পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ণ মর্যাদায় তাঁকে গার্ড অব অনার ও শেষ সেলামি জানানো হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও সহ রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা। সকলেই প্রয়াত ডিজিপির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও জানান, অনুরাগ ধ্যানকরের অকাল প্রয়াণে রাজ্যের সমগ্র পুলিশ বাহিনী শোকাহত। তাঁর কফিনবন্দি মৃতদেহ মঙ্গলবার আকাশপথে উত্তর প্রদেশে পাঠানো হবে। সঙ্গে থাকবেন আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার এবং এসপি (ট্রাফিক) কান্তা জাঙ্গির।
জানা গেছে, টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন এবং তিনিও উত্তর প্রদেশে যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় কানাডা থেকে দেশে ফিরবেন প্রয়াত অনুরাগ ধ্যানকরের ছেলে। বুধবার সকালে উত্তর প্রদেশে তাঁর জন্মভূমিতে শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে, অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিজিপি। সূত্রের খবর, কফিনবন্দি মৃতদেহ প্রথমে বিমানযোগে উড়িষ্যায় নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু সময় অবস্থানের পর বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। দিল্লি থেকে সড়কপথে মৃতদেহ উত্তর প্রদেশে নিয়ে যাওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*