লেফুঙ্গাতে পঞ্চাশ কানি জমিতে মেগা অয়েল পাম প্লানটেশন প্রোগ্রাম এর প্রস্তুতি

আপডেট প্রতিনিধি, মোহনপুর, ০৬ আগস্ট || রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অনুপ্রেরণায় রাজ্যের অয়েল পাম চাষের ব্যপ্তি ঘটছে। এর অংশ হিসেবে মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন লেফুঙ্গা কৃষি মহকুমায় প্রায় ৫০ কানি জমিতে অয়েল পাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধজংনগর এলাকার মনোরম পরিবেশে এই বৃহৎ অয়েল পাম প্লানটেশন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা এলাকার কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য আজ বুধজংনগর এলাকা পরিদর্শন করেন রাজ্যের অয়েল পাম প্রকল্প তথা জাতীয় তেল মিশনের স্টেট কনসালটেন্ট ড. রাজীব ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন লেফুঙ্গা কৃষি মহকুমার S A অসীম দেববর্মা, কৃষি অধিকারিক সুলোচনা রিয়াং এবং পতঞ্জলি ফুড লিমিটেডের প্রতিনিধি রথীন দেববর্মা। এছাড়াও কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রকল্পের জন্য জমি প্রদানকারী অজিত দেববর্মা, রুমা দেববর্মা এবং মাহেশ দেববর্মা জানান, অয়েল পাম চাষের মাধ্যমে তাঁদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তাঁরা আশাবাদী। তাঁদের মতে, এই উদ্যোগ সফল হলে এলাকার অন্যান্য কৃষকরাও অয়েল পাম চাষে উৎসাহিত হবেন।
লেফুঙ্গা কৃষি মহকুমার চেয়ারম্যান রণবীর দেববর্মা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই একটি মেগা অয়েল পাম প্লানটেশন কর্মসূচির আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জাতীয় তেল মিশনের আওতায় অয়েল পাম চাষ সম্প্রসারণের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যে ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*