গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || খোয়াই জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিসেবার করুণ চিত্র। রাতের ডিউটিতে সিকিউরিটি গার্ড। নেই ডাক্তার, না আছে নার্স। গভীর নিদ্রায় নিজ কক্ষে থাকা ডাক্তার বা নার্সদের হয়ে প্রক্সি ডিউটি দিতে দেখা যাচ্ছে খোয়াই জেলা হাসপাতালের এক মহিলা সিকিউরিটি গার্ডকে। মধ্যরাতে ইমার্জেন্সি বিভাগের টেবিলেই ক্লান্তির ঘুমে আচ্ছন্ন এই সিকিউরিটি গার্ডরা ৫-৬ হাজারের বেশী মাইনে পায়না। কিন্তু জনগণের অভিযোগ, এই স্বল্প বেতনভূক্ত সিকিউরিটি গার্ডদের দিয়ে বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে রোগীর ব্যান্ডেজ করা থেকে শুরু করে সারাদিন ফাইল বহন করা, বিভিন্ন সামগ্রী বহন করার পাশাপাশি বিভিন্ন কাজে নিয়োজিত রাখা হয়। দিনভর শ্রমের উর্দ্ধে কাজ করতে গিয়ে এই সমস্ত সিকিউরিটি গার্ডরা অধিক ক্লান্ত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ভূমিকা নিয়ে জনমনে নানান প্রশ্ন রয়েছে, যে সমস্ত প্রশ্নের উত্তর মিলেনা।
বর্তমানে জেলা হাসপাতালের আল্ট্রা সোনাগ্রাফি মেশিন বিকল হয়ে আছে। আনকোরা হাতে চালনার ফলেই এই দামী আল্ট্রা সোনাগ্রাফি মেশিনটি বিকল হয়ে আছে। এই ধরনের বিভিন্ন সরকারী স্বাস্থ্য বিষয়ক মূল্যবান যন্ত্রাংশ খোয়াই জেলা হাসপাতালে বিকল হয়ে পড়ে থেকে থেকে মরীচিকা ধরে নি:শেষ হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার মতো বর্তমানে কাউকেই দেখা যাচ্ছেনা বলেই অভিমত জনগণের। এছাড়া জনগণের প্রশ্ন, মোটা বেতনভুক্ত হাসপাতালের স্টাফরা কোথায় থাকেন? হাসপাতালে এই সাধারন কর্মীরা থাকতে কেন সিকিউরিটি গার্ডদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে? এর বিহিত কে করবে, এখন সেটাই দেখার।
