গোপাল সিং, খোয়াই, ২ সেপ্টেম্বর ।। খোয়াই চাম্পাহাওড় থানাধীন আশারামবাড়ী থেকে বিগত ৪ দিন যাবত নিখোঁজ এক জিআরএস কর্মী। ২৯শে আগষ্ট থেকে জিআরএস কর্মী রাজীব দাস নিখোঁজ হলেও পুলিশি নিস্ক্রীয়তার মধ্যে এখনও পর্য্ন্ত কোনও সন্ধানই পাওয়া যায়নি ৩৩ বছরের ঐ যুবকের। এদিকে মঙ্গলবার উক্ত ঘটনার জেরেই প্রচন্ড জনবিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। স্থানীয় এসপিও অফিসে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। ঘেরাও করা হয় চাম্পাহাওড় থানার ওসি শ্যামল দেববর্মা ও এসডিপিও রাজীব সেনগুপ্তকে। চরম উত্তেজনাময় পরিস্থিতি আশারামবাড়ী-করাঙ্গিছড়া এলাকায়। ক্ষুব্ধ জনতার প্রশ্ন, ঘটনার একদিন বাদে ৩০শে আগষ্ট থানায় নিখোঁজ ডাইরী করা হলেও পুলিশ কেন নিস্ক্রিয়? নিখোঁজ পরিবারের পাশাপাশি এলাকার জনগন যেকোন প্রকারে রাজীবের সন্ধান পেতে চাইছেন। ক্ষোভের মুখে গ্রামবাসীদের দেওয়া সন্ধান অনুযায়ী সন্দেহভাজন কিছু স্থান তল্লাশী চালায় পুলিশ। কিন্তু সেখান থেকেও নিরাশাই হাত লাগে পুলিশের। এদিকে চরম উত্তেজনাকর পরিস্থিতির খবর পৌছতেই ঘটনাস্থলে পৌছান খোয়াই মহকুমা শাসক ড. সমিত রায় চৌধূরী। তবে সংবাদ লেখা পর্যন্ত পুলিশ এবং প্রশাসন নিখোঁজ রাজীব দাসের সন্ধান করতে ব্যার্থ। আশারামবাড়ী থেকে নিখোঁজ জিআরএস কর্মী রাজীব দাস এর নিখোঁজ হবার কারন যেমন ধূঁয়াশাগ্রস্থ, ঠিক তেমনি রাজীব দাস এর সন্ধান করতে পুলিশও ততটুকুই ধূঁয়াশাগ্রস্থ। কোন কুল-কিনারা করতে পারছেনা। পুলিশের ভূমিকা এবং পুলিশি নেটওয়ার্ক আবারো প্রশ্নের মুখে।
