খেলাধুলা ডেস্ক ।। ইনজুরির কারণে আর্সেনালের অন্যতম সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। মঙ্গলবার আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার নিজেই এটি নিশ্চিত করেছেন। তবে ১৩ জানুয়ারি লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ দলে ফিরবেন বলে আশা করছে গানার শিবির। সানচেজের ইনজুরির খবর নিশ্চিত করে গানারদের কোচ জানিয়েছেন, ‘জানুয়ারির প্রথম দিকেই মাঠে ফিরবে সানচেজ। দুই দিন আগেই অনুশীলনের সময় চোট পাওয়ায়তাকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে দলের বাইরে রাখা হয়। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নভেম্বর থেকেই দলের বাইরে ছিলেন সানচেজ। সম্প্রতি ইনজুরি কাটিয়ে অনুশীলনেও ফিরেছিলেন তিনি। তবে আবারো চোটে পড়ে মাঠের বাইরে চলে যেত হলো সানচেজকে। গানারদের চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
