আন্তর্জাতিক ডেস্ক ।। এবার পাঁচ ব্রিটিশ গোয়েন্দার গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভিডিওতে সিরিয়ায় বিমান হামলা চালানোয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরেনকেও হুমকি দেওয়া হয়েছে। আইএসের রাক্কাভিত্তিক প্রচার শাখা ১০ মিনিটের ওই ভিডিওটি রোববার প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে- কমলা রঙের আলখেল্লা পরিহিত পাঁচ ব্যক্তি ব্রিটেনের পক্ষে গোয়েন্দাবৃত্তির কথা স্বীকার করছেন। পরে তাদেরকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হয়। তাদের পেছনে একজন করে সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত পাঁচজন পিস্তল তাক করে দাঁড়িয়ে রয়েছে।
তাদের হত্যার আগে ব্রিটিশ ইংরেজি উচ্চারণের এক আইএস জঙ্গি বলেন, এদেরকে ব্রিটিশ সরকার পরিত্যাগ করেছে। কালো পোশাকের মুখোশধারী ওই ব্যক্তি বলেন, ‘এটা ডেভিড ক্যামেরনের জন্য একটি বার্তা, এরা নির্বোধ ও হোয়াইট হাউসের দাস।’ ব্রিটিশ জনগণের উদ্দেশ ওই ব্যক্তি বলেন, ‘একদিন আইএস তোমাদের দেশ দখল করবে। সেখানে আমরা শরীয়াহ আইন চালু করব।’ ক্যামেরনের পূর্বসূরি গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ারকে দাম্ভিক ও বোকা মন্তব্য করে ওই মুখোশধারী বলেন, ‘এই যুদ্ধে তোমাদের পরাজয় হবে, যেমন করে তোমরা ইরাক ও আফগানিস্তানে পরাজিত হয়েছে। তবে এবার তোমাদের পরাজয় হলে তার উত্তরাধিকারীরাও রক্ষা পাবে না এবং তোমাদের বোকা হিসেবেই স্মরণ করবে- যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে পারবে বলে ভাবত।’ তিনি আল্লাহ আকবর বলে ধ্বনিত করার সঙ্গে সঙ্গে তাদের গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে একটি ছোট্ট ছেলেকে ভিডিওতে দেখা যায়। সেনার পোশাক পরা ও মাথায় ইসলামিক স্টেটের পতাকা মোড়ানো ওই ছেলে বলছে, আমরা সব কাফিরকে হত্যা করব।
