আন্তর্জাতিক ডেস্ক ।। সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় নয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। রোববার সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র সূত্রে এ খবর জানিয়েছে বিভিন্ন রুশ সংবাদ সংস্থা। কেন্দ্রের প্রধান সের্গেই কুরালেঙ্কো সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গের নয়টি ঘটনা নথিভুক্ত করেছে কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার যৌথ পরিকল্পনার অংশ হিসেবে এ যুদ্ধবিরতি ‘সামগ্রিকভাবে’ কার্যকর রয়েছে বলেও যোগ করেছেন তিনি। তবে কোন পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুদ্ধবিরতির ঘোষণাটি এসেছে গত সোমবার। ইসলামিক স্টেট (আইএস), আল-নুসরা ফ্রন্টের মতো সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে বাড়তি অরাজকতা যোগ করা বিভিন্ন মৌলবাদী ইসলামপন্থী সংগঠনের ক্ষেত্রে যুদ্ধবিরতির এ চুক্তি কার্যকর হবে না। ফলে একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে সিরিয়ায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিদ্বন্দ্বী পক্ষের হস্তক্ষেপ, আর তার সঙ্গে উগ্রবাদী- এই জটিল পরিস্থিতিতে এ চুক্তি কার্যকর কিভাবে সম্ভব, তা নিয়ে শুরু থেকেই গুরুতর দ্বন্দ্বে রয়েছে খোদ কর্তা দেশগুলো। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থিত ও সরকারবিরোধী সংগঠনগুলোর মধ্যকার সহিংসতা স্থগিত করার আহ্বান জানিয়ে ঘোষিত এ চুক্তি দামেস্কের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রায় পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়ে দেশ ও দেশের বাইরে অনাহারে-অর্ধাহারে আশ্রয়হীন ও মানবেতর জীবনযাপন করছেন অর্ধকোটি মানুষ।
