নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ।। জ্বালানীর সংকটে জেরবার রাজ্য। কখনো জ্বালানীলরী আসছে তো মুহূর্তেই ভিড় জমে যাচ্ছে পেট্রোল পাম্পে। নাওয়া খাওয়া ছেড়ে বাইক-স্কুটি নিয়ে বলতে গেলে দিন রাতের সিংহ ভাগ কেটে যাচ্ছে জ্বালানীর সংগ্রহে। বেলা বাড়া আর রাত গড়িয়ে গেলেও এই দৃশ্যের পরিবর্তন নেই। ৪৪নং জাতীয় সড়কের বেহাল অবস্থার ফলে যানবাহন চলার বেঘাত ঘটায় রাজ্যে পেট্রোল আনার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে তা মোকাবেলার লক্ষ্যে রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি আরোপ আরোপ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বাইক ও স্কুটিতে ২০০ টাকা, পেট্রোল চালিত অটো রিক্সায় ৩০০ টাকা এবং পেট্রোল চালিত গাড়ীতে ৫০০ টাকা করে পেট্রোল ঢোকানো যাবে। রবিবার মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে খাদ্য ও জনসংভরণ এবং ভোক্তা বিষয়ক মন্ত্রী ভানুলাল সাহা এ সংবাদ জানান। তিনি বলেন, প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র এই নিয়ন্ত্রণ বিধি তুলে নেওয়া হবে।
