দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ অক্টোবর ।। মানুষের কল্যানে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ঘটনা প্রমান করে দিচ্ছে মিছিলে, মিটিংয়ে, ভাষনে খাঁটি আর একনিষ্ঠ দলীয় অনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়ে এক শ্রেনীর সরকারী কর্মচারী কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে দপ্তরে দপ্তরে চুরি রাজ্যের ইতিহাসের নতুন কলঙ্কের অধ্যায় যুক্ত করেছে। অবস্থা যে পর্যায়ে তাতে জি,বি-এর মত হয়ত সব দপ্তরেই সি সি ক্যামেরা বসাতে হবে চোর ধরতে। চুরি কান্ডে নবতম সংযোজন উনকোটি জেলা। জাতীয় স্বাস্থ্য মিশনের বিগত বেশ কয়েক বছরের কেন্দ্রীয় বরাদ্দের অর্থ লোপাটের ঘটনা সম্প্রতি উন্মোচিত হতেই নড়াচড়া শুরু হয়েছে প্রশাসনের। জানা গেছে উনকোটি জেলার বিগত বছর গুলোর বে-হদিশ অর্থের সন্ধানে উনকোটির জাতীয় স্বাস্থ্য মিশন সি,এম,ও কে দু’সপ্তাহের মধ্যে প্রকৃত তথ্য জমার নির্দেশ দেয়া হয়েছে। দলীয় অনুগত্যের মেকী মুখোশের পেছনে যারা অর্থ লুটে আত্মহারা সেইসব চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছেন প্রবঞ্চিত মানুষ।
