গোপাল সিং, খোয়াই, ১৮ অক্টোবর ।। ১৯শে নভেম্বর ত্রিপুরা রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ৪-বড়জলা এবং ২৫-খোয়াই এই দুটি বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআই(এম)এবং তৃনমুল কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষনা হয়ে গেছে। ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপিআই(এম)-এর হয়ে লড়াই করবেন সিপিআই(এম) এর বর্ষিয়ান প্রবীন নেতা তথা খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত। শারদোৎসবের শেষ হতেই খোয়াই কেন্দ্রে সিপিআই(এম) নির্বাচনী প্রচারে এগিয়ে থেকেই শুরু করেছে জোরদার প্রচার। খোয়াইতে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
প্রার্থী তালিকা ঘোষনার পরদিন সকালেই ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সমীর দেবসরকারের বাসভবন থেকে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত উনার ভোট প্রচারের সূচনা করেন। মঙ্গলবার সকালে প্রথমেই স্বাধীনতা সংগ্রামী জননেতা প্রয়াত রঞ্জন রায়ের পূর্ণাবয়ব মূর্ত্তির পাদদেশে মিলিত হন সিপিআই(এম) প্রার্থী সহ অন্যান্য নেতৃত্ব এবং স্থানীয় জনসাধারন। সেখানে প্রয়াত জননেতাকে পুষ্পাঞ্জলী অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা। এরপর প্রয়াত বিধায়ক সমীর দেবসরকারের বাসভবনে উনার প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে বাড়ী বাড়ী প্রচারে বেড়িয়ে পড়েন সিপিআই(এম) প্রার্থী। প্রতিনিধির সাথে সাক্ষাতে তিনি বলেন, প্রয়াত বিধায়ক সমীর দেবসরকারের অসমাপ্ত কাজগুলি আমাদের মিলিতভাবে সম্পন্ন করতে হবে। সেই সাথে শান্তি-সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরও বেশী জনগনের আশির্বাদ কামনা করেন সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত। মঙ্গলবার উনার ভোট প্রচারে উনার সঙ্গী ছিলেন সিপিআই(এম) নেতা বিদ্যুৎ ভট্টাচার্য্য, গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্বরা। উপ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবেই এদিন বিকাল ৪টা নাগাদ দূর্গানগর এবং লালছড়ায় পথ সভা অনুষ্ঠিত হয়। শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে ৫টি বুথ কেন্দ্রকে নিয়ে মহাদেবটিলাতেও বামফ্রন্টের নির্বাচনী জোন অফিস উদ্বোধন হয়। সন্ধ্যায় সুভাষপার্ক থেকে এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআই(এম) নেতা নির্মল বিশ্বাস, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। অপরদিকে খোয়াই ব্লক তৃনমুল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর চেবরী এলাকায় তৃনমুল প্রার্থী মনোজ দাসের নেতৃত্বে বাড়ী বাড়ী প্রচারাভিযান চালানো হয়। উক্ত প্রচারাভিযানে সামিল হন তৃনমুল নেতা সুবীর নাথশর্মা, সমীর দাস, রাখাল সূত্রধর, বিষ্ণুপদ বণিক, তাপস দাস সহ অন্যান্যরা। এদিন বিকাল ৪টায় ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে পার্থ সারথি আচার্য্যের বাসভবনে এক সভঅ অনুষ্ঠিত হয়। সভা থেকে নির্বাচন কমিটির প্রস্তাব রাজ্য কমিটিতে প্রেরন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃনমুল নেতা দীপক মজুমদার, বলাই গোস্বামী, প্রার্থী মনোজ দাস সহ অন্যান্যরা। সভা শেষে এদিন সন্ধ্যায় কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে তৃনমুল কংগ্রেসের এক সমাবেশও অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
