গোপাল সিং, খোয়াই, ১০ জানুয়ারী ৷৷ খোয়াই মহকুমাভিত্তিক অনুর্ধ-১৪ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি হল মঙ্গলবার। গ্রুপের সবক’টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থাকা নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি হল চ্যাম্পিয়ান। ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সফল দল ভেনাস ক্লাব ও ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় সফল দল এভারগ্রীণ ক্লাব। প্রতিযোগিতার সূচনা হয়েছিল ১৬ই ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচেই মরশুমের প্রথম শতরানটি আসে গ্রুপ টেবিলের শীর্ষ দল নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির খুদে ক্রিকেটার পূর্ণচন্দ্র সিনহার ব্যাট থেকে। মরশুমের দ্বিতীয় শতরানকারী ব্যাটসম্যান একই দলের ওপেনিং ব্যাটসম্যান গৌরব দত্ত। এছাড়া সবগুলি দলের ক্রিকেটাররাই ব্যাটে-বলে নিজেদের ছাপ রেখেছে। বেশ কয়েকটি ধৈর্য্যশীল অর্ধশতরানের ইনিংসও ছিল। মারমুখী ব্যাটিংও দেখা গেল। শতরানের ওপেনিং পার্টনারশিপও ছিল। হাই স্কোরিং ম্যাচ যেমন ছিল তেমনই লো-স্কোরিং ম্যাচও রুদ্ধশ্বাস পর্যায়ে চলে যেতে দেখা গিয়েছে। অন্তর শুক্লদাস, সুমিত সুত্রধর ও তুহীন দেব এক ম্যাচে ৫টির বেশী উইকেট তুলে নিয়ে সবার দৃষ্টি আকর্ষন করেছে। গণকী দ্বাদশের পক্ষে মাত্র ২০ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছিল অন্তর শুক্লদাস। এছাড়াও প্রতিটি দলের পক্ষে ক্রিকেটাররা নিজেদের একশ শতাংশ নিংড়ে দেয়। এর মধ্যে আদেশ দেববর্মা, প্রসেঞ্জিত রুদ্রপাল, তন্ময় দেবসরকার, সম্রাট নম:দাস, অভিজিৎ দে, হৃদয় দাস, সুমিত শুক্লদাস, প্রীতম দেব, অর্কদ্যুতি দেব, জর্জ দেববর্মা, অনির্বাণ দাস, বিশাল দেব, জয়দ্বীপ শুক্লদাস, সুয়েল সিনহা, সাগনিক ঘোষ, রাহুল দেবনাথ, প্রতীম দাস, রিপ্লু চন্দ্র পাল, অনির্বাণ দেব, রাজ দত্ত, কান্তি দত্ত, সাগনিক ঘোষ, রোহন পাল, অভিজিৎ চন্দ্র শুক্লদাস, প্রিয়জিৎ দাস, সুয়েল সিনহা’র ভূমিকা ছিল উল্লেখযোগ্য।মঙ্গলবার অন্তিম ম্যাচটি খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্ট মাঠে। সেখানে অনুষ্ঠিত প্রতিযোগিতার অন্তিম ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ পয়েন্ট টেবিলে ২য় ও ৩য় স্থানে থাকা দুই দল, এভারগ্রীণ ক্লাব ও ভেনাস ক্লাব। সর্বশেষ ম্যাচে ৬৫ রানের বিশাল জয় পায় ভেনাস ক্লাব। মঙ্গলবার এয়ারপোর্ট মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের অন্তিম ম্যাচে এভারগ্রীণ ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় ভেনাস ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে কোন সুবিধাই করতে পারেনি ভেনাস ক্লাবের ব্যাটসম্যানরা। ধারাবাহিকভাবে উইকেটের পতন ঘটতে থাকে। প্রিতম দাস ও সম্রাট নম: দাস কিছুটা রান তোলার চেষ্টা করলেও ক্রীজে বেশী সময় দাঁড়াতে পারেনি। ৩৭ বলে ৪টি চারের সাহায্যে প্রিতম দাস ২১ রান এবং ৩২ বলে ৪টি চারের সাহায্যে সম্রাট নম: দাস ২৭ রান করে আউট হয়। ১৩ রান করে সুব্রত কর্মকার। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠা অতিক্রম করতে পারেনি। ৩২ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানই তুলতে সক্ষম হয় ভেনাস ক্লাব। এভারগ্রীন ক্লাবের পক্ষে সফল বোলার অভিজিৎ মল্লিক। মাত্র ৮ রান দিয়ে সে তুলে নেয় ৪টি উইকেট। ৩টি উইকেট যায় রূপক দেবনাথের দখলে। ১টি করে উইকেট পায় অনির্বাণ দাস, অনুপম গুণ ও মনিষ দেবনাথ। মাত্র ১২৭ রানের সহজ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে একপ্রকার ধরাশায়ী হয়ে যায় এভারগ্রীণ ক্লাবের ইনিংস। নৃপেশ সূত্রধর ও ইটেন সাঁওতাল দুজনেই ১২ রান করে। এছাড়া আর কেউ দুই অঙ্কে পৌছুতে পারেনি। মাত্র ২৮ ওভার ৪ বলে ৯ উইকেটের বিনিময়ে ৬২ রানেই থেমে যায় এভারগ্রীণ ক্লাবের ইনিংস। যদিও দলের একজন ক্রিকেটার জর্জ দেববর্মা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে যাবার কারনে মাঠে নামতে পারেনি। ভেনাস ক্লাব জয় পায় ৬৫ রানে। দলের পক্ষে সফল বোলার কান্তি দত্ত। মাত্র ১২ রানের বিনিময়ে সে তুলে নেয় ৩টি উইকেট। ২টি উইকেট পায় রাজ দত্ত ও রাহুল দেবনাথ। ১টি করে উইকেট পায় সম্রাট নম:দাস ও প্রিতম নাথশর্মা। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে রিপন বিশ্বাস ও নিমাই শুক্লদাস।
