আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ ২৩শে মার্চ থেকে শুরু হল দ্বাদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশন। শুক্রবার সকাল ১১টায় ত্রিপুরা বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু হয় এই অধিবেশন। অধিবেশনের শুরুতে অস্থায়ী স্পিকার রতন চক্রবর্তী স্থায়ী অধ্যক্ষ নির্বাচনের জন্য বিধানসভায় রেবতী মোহন দাসের নাম প্রস্তাব অনুসারে উত্থাপন করেন। বিধায়করা সমর্থন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে মনোনীত হন তিনি। অধিবেশনে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভায় বক্তব্য রাখেন। তারপর বিরোধীদল নেতা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের সদ্য প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার। দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতবি করেন স্পিকার। বিরতির পরে রাজ্যপাল তথাগত রায় প্রথম অধিবেশন উপলক্ষ্যে বক্তব্য রাখেন। রাজ্যপাল বলেন, রাজ্যের সব অংশের মানুষের জন্য এবং সর্বক্ষেত্রে বিকাশের লক্ষে কাজ করতে প্রস্তুত বর্তমান রাজ্য সরকার। তিনি বলেন, আগামী পাঁচ বছরে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে রাজ্য সরকার। প্রতি মহকুমায় গড়ে তোলা হবে কৃষক বন্ধু কেন্দ্র। শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পর্যটন, কৃষি থেকে ক্রীড়া প্রতিটি ক্ষেত্রে বিকাশের জন্যই কাজ করবে রাজ্য সরকার।বিধানসভায় ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম কোয়ার্টারের জন্য রাজ্যের উপমূখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা ৪০৫৭.১৯ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ করেছেন। অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব উত্থাপন কালে তিনি কারণ উল্লেখ করতে গিয়ে বিগত সরকারের বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন।
