আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷৷ আগামী ২০২০ সালের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে ১ লক্ষ ১৭ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সোমবার ধলাই জেলার প্রশাসনের উদ্যোগে আমবাসা টাউন হলে আয়োজিত প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া ইত্যাদি জনকল্যাণকর কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মূখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের মধ্য দিয়েই উন্নয়নে গতি আনা সম্ভব। যেমন করে জনধন যোজনার মাধ্যমে গরীব মানুষও ব্যাঙ্ক একাউন্ট খুলে ১২ টাকার বীমা যোজনা করাতে পারছে, রেগার টাকা সরাসরি সেই ব্যাঙ্ক একাউন্টে পাচ্ছে ঠিক তেমনি মুদ্রা যোজনার মাধ্যমে লোন নিয়ে স্বরোজগারী হওয়ার পাশাপাশি সে নিজেও কর্মসংস্থান তৈরি করছে। অন্যদিকে কৃষি বীমা যোজনার মাধ্যমে কৃষক সামান্য টাকায় বীমা করিয়ে তার ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাচ্ছে। মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে আর্থিকভাবে স্বনির্ভর করতে হলে কিংবা আর্থিক প্রগতি আনতে হলে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা একান্ত প্রয়োজন ও তার জন্য স্টার্ট আপ ইণ্ডিয়া ও স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মতো প্রকল্পগুলি রয়েছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, শম্ভুলাল চাকমা, আশিস দাস, ধনঞ্জয় ত্রিপুরা, ধলাই জেলার ভারপ্রাপ্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে ১১ জন স্ব-উদ্যোগী এবং ১টি স্ব-সহায়ক দলকে বিভিন্ন ব্যাঙ্কের উদ্যোগে প্রদেয় ঋণের মঞ্জুরীপত্র তুলে দেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অতিথিগণ।
